কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া তার অন্তর্বর্তীকালীন জামিন আদেশ স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ওই আদেশের পর ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করেন।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তদন্তের অংশ হিসেবে তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।
আরও পড়ুন:







