স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে আটক সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি।
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর দীপু মনির পরিবারের পক্ষ থেকে তাঁকে প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। বুধবার তাঁর মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় কারাগার থেকে দীপু মনির প্যারোলে মুক্তির কার্যক্রম শুরু হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে থাকবেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর কারাগার থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
প্যারোলে মুক্তির পর দীপু মনি তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে। তাঁর প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করার কথা জানিয়েছে পরিবার।
আরও পড়ুন:







