News Ticker
221.png

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৩:৪০

শেয়ার

শেয়ার

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ডের মধ্যে দুই আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন। 

হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন—সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন ওরফে শামীম।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামিকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ফলে ২০১৯ সালে বিচারিক আদালতের দেওয়া রায়ে বড় ধরনের পরিবর্তন এলো।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে নুসরাতকে ডেকে নেন। সেখানে তাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হওয়ার পর সিরাজকে গ্রেপ্তার করা হয়। 

এরপর মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর দগ্ধ নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তিনি মারা যান।

ঘটনার পর নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একই সঙ্গে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন। প্রায় সাত বছর পর চলতি বছরের জুলাইয়ে হাইকোর্টে এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। 

১৭ কার্যদিবস শুনানি শেষে গত ২০ আগস্ট হাইকোর্ট রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।

 

ChannelNRB Footer