News Ticker
221.png

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় কাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২০:৫৮

শেয়ার

শেয়ার

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় কাল
ছবি: সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা করা হবে। সোমবার (২৪ আগস্ট) মামলাটির শুনানি শেষ করে রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হয়। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন।

মাগুরার আট বছরের শিশু আছিয়া ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও গুরুতর নির্যাতনের শিকার হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ২০২৫ শিশুটির মৃত্যু হয়।

মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচার শুরু হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। ২০২৫ সালের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে একই বছরের ১৭ মে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। 

২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তবে মামলার অপর তিন আসামি—জাহেদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। 

মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে আইন অনুযায়ী মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে হিটু শেখ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ফলে ডেথ রেফারেন্স ও আসামির আপিল—দুই বিষয়ই হাইকোর্টে শুনানির জন্য আসে।

হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয় ১১ আগস্ট। এরপর ধারাবাহিকভাবে শুনানি চলে।

রোববার (২৩ আগস্ট) আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন। সোমবার শুনানি শেষ হওয়ার পর আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন। 

ChannelNRB Footer