মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। এর আগে সোমবার শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।
আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তিনি দেশের বাইরে আছেন। এ কারণে আমরা সময় চাচ্ছি। তখন আদালত সময় আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও গুরুতর নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ও পরে ঢাকার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার পর আইন অনুযায়ী মামলাটি অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। ২০২৫ সালের ২১ মে মামলার নথি উচ্চ আদালতে পৌঁছায়। পরবর্তী প্রক্রিয়া শেষে মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য ওঠে।
গত ১১ আগস্ট থেকে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে ২৪ আগস্ট আদালত ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে সেই তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:







