প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
মামলাটি ২০০৮ সালে গুলশান থানায় দায়ের করা হয়। মামলার বাদী ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারের অভিযোগ ছিল, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়া হলেও পরে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি।
মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে ফ্ল্যাটটি কেনার বিষয়ে চুক্তি হয়। চুক্তির পর বাদী ৭৫ লাখ টাকা পরিশোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে টাকা ফেরত দেওয়ার জন্য দেওয়া একটি চেকও পর্যাপ্ত অর্থ না থাকায় ডিজঅনার হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জ্যামশেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার রাতে সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২-এর এরাবিকা রেস্টুরেন্টে অবস্থান করছিলেন বিদিশা। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন:







