News Ticker
221.png

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭

শেয়ার

শেয়ার

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযানের একপর্যায়ে কয়েকটি অপরাধীদের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় অপরাধীদের সম্ভাব্য অবস্থানগুলোতে সতর্কতার সঙ্গে তল্লাশি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযানের মূল উদ্দেশ্য ছিল অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে সেগুলো উচ্ছেদ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সন্ত্রাসী ও অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয়দের সহযোগিতা ছাড়া দীর্ঘদিনের অপরাধপ্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন। তাই অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আস্তানা গড়ে ওঠার সুযোগ যাতে আর না থাকে, সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। এর ভৌগোলিক অবস্থান ও দুর্গমতার কারণে সেখানে অপরাধীদের অবস্থান ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। চলতি বছরও এলাকাটিতে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত করতে প্রয়োজন অনুযায়ী আরও অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে নজরদারি চালানো হবে।

পুলিশের ভাষ্য, অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সেটিই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

ChannelNRB Footer