প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়।
প্রতারণার মামলায় সাজা হওয়ার পর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বিদিশা। পরে তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের দেওয়া জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
মামলায় দুই বছরের সাজা ঘোষণার পর আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
ওই পরোয়ানার ভিত্তিতে ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
মামলাটি একটি ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে করা প্রতারণার অভিযোগের সঙ্গে সম্পর্কিত। মামলার নথি অনুযায়ী, ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে বিদিশার সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
আদালতের রায়ের পর গ্রেপ্তার হয়ে প্রায় দুই সপ্তাহ কারাগারে থাকার পর অবশেষে উচ্চ আদালতের জামিনে মুক্তি পেলেন বিদিশা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাইকোর্টের জামিন আদেশের কাগজপত্র যাচাই করে তার মুক্তির বিষয়ে কোনো আইনি বাধা না থাকায় মঙ্গলবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিকেল সোয়া ৫টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন:







