News Ticker
221.png

জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৬

শেয়ার

শেয়ার

জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান। তিনি জানান, তদন্তের স্বার্থে এমপি ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর সংসদ ভবনের বিপরীতে শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অন্যান্য তদন্তকারী সংস্থার সদস্যরা। 

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান।

পরে বিকেল ৫টার পর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে কক্ষের দরজা বন্ধ দেখতে পান এমপি। এরপর জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলে ঘটনাস্থল সূত্রে জানা গেছে। তবে এসব তথ্যের বিস্তারিত এখনো তদন্তাধীন। 

মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান সাংবাদিকদের বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের বিষয়। একইভাবে ঘটনার সময় এমপি ও তার প্রথম স্ত্রী ফ্ল্যাটে ছিলেন কি না, সে বিষয়েও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো তথ্য দিতে চায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি ও এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজেই জানান, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন এবং তিনি তাকে বিয়ে করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি হয়। 

ChannelNRB Footer