News Ticker
221.png

২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৫

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৮

শেয়ার

শেয়ার

২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। হত্যা মামলায় সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আত্মগোপনে থাকার সময় জয়নাল পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতেও অবস্থান করেছেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দেশে তার অবস্থান শনাক্ত করা হয়।

তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এরশাদ শিকদার ও জয়নাল সরদারসহ মোট আটজন আসামি ছিলেন। 

মামলার বিচার শেষে আদালত জয়নাল সরদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

একই মামলায় হত্যার পর মরদেহ গুমের অপরাধে জয়নাল সরদারকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ রয়েছে। 

দীর্ঘদিন পলাতক থাকার কারণে জয়নাল সরদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে গোয়েন্দা তথ্যের সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি জানিয়েছে, শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। 

ChannelNRB Footer