News Ticker
221.png

নিউগিনি প্রোপার্টিজে হামলা, কুষ্টিয়া-২ আসনের জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৭

শেয়ার

শেয়ার

নিউগিনি প্রোপার্টিজে হামলা, কুষ্টিয়া-২ আসনের জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ। পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। 

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি জানিয়েছে, হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজের প্রকল্প এলাকায় একদল লোক প্রবেশ করে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার সময় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে। হামলাকারীরা প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতেও ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, বৈদ্যুতিক ক্যাবল ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, ভাঙচুরে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। 

ChannelNRB Footer