চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ আগস্ট মামলাটির তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই দিনও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।
মামলায় সামীরা হক ছাড়াও আসামি করা হয়েছে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদকে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর ২০২৫ সালের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষের দাবি, মৃত্যুর সময়কার কিছু পরিস্থিতি ও শরীরে আঘাতের চিহ্ন তাদের কাছে সন্দেহের কারণ তৈরি করে। এসব অভিযোগের ভিত্তিতেই পরবর্তী সময়ে হত্যা মামলা করা হয়।
আরও পড়ুন:







