News Ticker
221.png

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৭

শেয়ার

শেয়ার

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর ব্যাগ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা গ্রিন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন।

এ সময় দুবাই থেকে আসা এমিরেটসের EK0584 ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে সন্দেহ হওয়ায় ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

এনবিআর জানিয়েছে, ওই যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ ছিল। ফলে অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়। 

অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়।

তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা মদগুলো জব্দ করেন। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ঘটনায় শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি অব্যাহত রয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। 

ChannelNRB Footer