News Ticker
221.png

১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৫

শেয়ার

শেয়ার

১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বারের মতো পেছাল। 

ধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন সময় দেন। বিষয়টি আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।

দুই মাসের বেশি সময় তদন্ত করেও ডিবি রহস্য উদঘাটন করতে না পারায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় র‌্যাব তদন্ত করলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব পরিবর্তন করা হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরে ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের টাস্কফোর্স গঠন করে। এতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করা হয়। 

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও তদন্ত শেষ না হওয়ায় একাধিকবার সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেয়। 

চলতি বছরের ২৭ আগস্ট আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। তখন পর্যন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পিছিয়েছিল। 

আজ নির্ধারিত দিনেও প্রতিবেদন জমা না পড়ায় আদালত আবারও সময় দিয়েছেন। ফলে আগামী ৫ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারিত হলো। 

দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না হওয়ায় মামলাটি এখনো বহুল আলোচিত ও বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকা মামলাগুলোর একটি।

ChannelNRB Footer