ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাসের পূর্ব গন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস দুপুরে আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়।
বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজনই ঘটনাস্থলে নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছে।
আরও পড়ুন:







