রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। হুমকির ই-মেইলের উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা শনাক্তে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার টিম।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটের দিকে ‘TypicalChineseman’ নামের একটি ই-মেইল অ্যাকাউন্ট থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির বার্তা পাঠানো হয়। বার্তায় রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।
হুমকির ই-মেইলে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশে বার্তাটি পাঠানো হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি হুমকির ই-মেইলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা চাওয়া হয়েছে।
ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানান, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাড্ডা থানায় জিডি করা হয়েছে এবং বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।
ই-মেইলটি কে বা কারা পাঠিয়েছে, কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পেছনে কোনো বাস্তব পরিকল্পনা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। বিশেষ করে হুমকির ই-মেইলের উৎস ও প্রেরকের পরিচয় শনাক্তে প্রযুক্তিগতভাবে তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
আরও পড়ুন:







