রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তা রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজের ভিডিও ধারণের সঙ্গে তাহসিফ সাউরির নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা রয়েছে।
সাবেক এই কর্মকর্তার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:







