News Ticker
221.png

পোশাক কারখানায় আগুন, শ্রমিকদের অবরোধে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১৬:১০

শেয়ার

শেয়ার

পোশাক কারখানায় আগুন, শ্রমিকদের অবরোধে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যেতে গিয়ে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শ্রমিকদের অবরোধ এবং মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল।

রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে এ আগুনের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তারা স্বাভাবিক পথে এগোতে পারেনি।

পরিস্থিতি বিবেচনায় পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় মহাসড়কের উল্টো পথে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।

কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন সাধারণ যাত্রী, পরিবহনচালক ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এমন পরিস্থিতিতে কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ধোঁয়া দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়।

দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা।

শ্রমিকদের অন্যতম প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। বর্তমানে প্রচলিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি শ্রমিকদের।

গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে গত কয়েক দিন ধরে এ আন্দোলন চলছে। শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে রোববার পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে মজুরি বোর্ড গঠনের ঘোষণার পরও বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রমিকদের দাবি, শুধু বোর্ড গঠন নয়, দ্রুত মজুরি বৃদ্ধির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।

ChannelNRB Footer