News Ticker
221.png

হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১৯:৫২

শেয়ার

শেয়ার

হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিনসেন্ট পাস্তোর (Vincent Pastore) আর নেই। বহুল প্রশংসিত এই অভিনেতা ৮০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসভবনে মারা গেছেন। শনিবার (১ আগস্ট) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার দীর্ঘদিনের ম্যানেজার ও প্রতিনিধিরা। 

ভিনসেন্ট পাস্তোরকে সর্বাধিক পরিচিতি এনে দেয় এইচবিওর কালজয়ী টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’ (The Sopranos)-এ সালভাতোরে “বিগ পুসি” বোনপেনসিয়েরো চরিত্রে তার অভিনয়। মাফিয়া চরিত্রে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় এক প্রতিবেশী খোঁজ নিতে গিয়ে তাকে বাসায় অচেতন অবস্থায় পান। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

১৯৪৬ সালের ১৪ জুলাই নিউইয়র্কে জন্ম নেওয়া পাস্তোর অভিনয়জীবন শুরু করেন তুলনামূলক দেরিতে। এর আগে তিনি নাইটক্লাব ব্যবসা ও অন্যান্য পেশায় যুক্ত ছিলেন। পরে অভিনয়ে এসে ‘গুডফেলাস’ (Goodfellas), ‘কার্লিটোজ ওয়ে’ (Carlito’s Way), ‘গট্টি’ (Gotti), ‘শার্ক টেল’ (Shark Tale)-সহ অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেন। তবে ‘দ্য সোপ্রানোস’-এর “বিগ পুসি” চরিত্রই তাকে স্থায়ী খ্যাতি এনে দেয়।

তার মৃত্যুর খবরে সহশিল্পী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ‘দ্য সোপ্রানোস’-এর সহ-অভিনেতা মাইকেল ইম্পেরিওলি, জেমি-লিন সিগলারসহ অনেকেই সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পাস্তোর শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও উদার মনের মানুষ।

সূত্র: এপি নিউজ

ChannelNRB Footer