শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর প্রথমবারের মতো নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
রাশমিকা জানান, তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’ (Mysaa)-এর একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান নিতম্বের (হিপ) একটি টেনডন ছিঁড়ে যায়। এই চোটের কারণে তাঁকে শুটিং বন্ধ রাখতে হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, এই দুর্ঘটনা তাঁকে বড় একটি শিক্ষা দিয়েছে। তিনি বলেন, এতদিন তিনি নিজের শরীরকে যেন একটি “মেশিন” মনে করে নিরন্তর কাজ করেছেন। এখন তিনি বুঝতে পেরেছেন, শরীরেরও বিশ্রাম ও যত্নের প্রয়োজন রয়েছে। তাঁর ভাষায়, “নিজের শরীরকে মানুষের মতো যত্ন করতে হবে, মেশিনের মতো নয়।”
রাশমিকা আরও জানান, আপাতত তিনি বাড়িতে থেকেই ফিজিওথেরাপি ও পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। এই সময়ে পরিবারের সদস্য এবং ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, তাঁর কারণে যেসব চলচ্চিত্রের শুটিং ও অন্যান্য কাজের সময়সূচিতে পরিবর্তন এসেছে, সেজন্য সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজকদের কাছেও দুঃখ প্রকাশ করেন।
অভিনেত্রীর এই স্বাস্থ্য আপডেট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেক সহকর্মীও শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই কাজে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন রাশমিকা।
সূত্র: দা টাইমস অফ ইন্ডিয়া
আরও পড়ুন:







