বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ হঠাৎই ঢুকে পড়ল দুই সাপ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বান্দ্রা ওয়েস্টে সমুদ্রের ধারে অবস্থিত শাহরুখের বাড়ির বাগান এলাকায় সাপ দুটিকে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, সাপ দুটি একটি শেডের নিচে পরস্পরের সঙ্গে জড়ানো অবস্থায় ছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সাপ উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। পরে উদ্ধারকর্মী ভিকি দুবেকে ঘটনাস্থলে ডাকা হয়। পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়।
উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে একটি সাপকে নিরাপদে ধরে ফেলে। সেটির দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট। পরে সাপটিকে শনাক্ত করে জানা যায়, এটি ‘ধামান’ বা Indian rat snake—একটি অবিষধর প্রজাতি। ফলে মান্নাতের কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
তবে বিপত্তি ঘটে দ্বিতীয় সাপটিকে নিয়ে। উদ্ধার করার আগেই সেটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাড়ির বাগান ও আশপাশের এলাকায় সেটির খোঁজ শুরু হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দ্বিতীয় সাপটির সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সময় শাহরুখ খান কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য ‘মান্নাত’-এ উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সাপ দুটি বাড়ির মূল বসবাসের অংশে নয়, বাগান এলাকার দিকে দেখা গিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া সাপটি বিষধর না হওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা নেই বলে জানা গেছে। বন বিভাগের পক্ষ থেকেও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় সাপটি পালিয়ে যাওয়ায় মান্নাতের কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের পাশে অবস্থিত ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের বাড়ি নয়, তাঁর কোটি ভক্তের কাছেও এটি অন্যতম আকর্ষণীয় স্থান। বাড়িটির বিশাল বাগান ও খোলা জায়গার কারণে সেখানে এমন সরীসৃপের দেখা পাওয়া একেবারে অসম্ভব নয়।
ঘটনাটি আরও আলোচনায় এসেছে কারণ নাগপঞ্চমীর এক দিন পরেই সাপ দুটির দেখা মেলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা ধরনের আলোচনা।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:







