News Ticker
221.png

তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২০:১১

শেয়ার

শেয়ার

তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় তিনটি ধর্ষণ মামলায় ফের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ব্রিটিশ র‍্যাপার ও ইউটিউবার ইউং ফিলি। তার প্রকৃত নাম আন্দ্রেস ফেলিপে ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ২০২৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময় পার্থের একটি হোটেলে ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলার তিনটি অভিযোগে পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রসিকিউশন।

জুলাইয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে আট দিনব্যাপী বিচার শেষে জুরি ইউং ফিলিকে তিনটি ধর্ষণের অভিযোগ থেকে খালাস দেয়। তবে একই মামলার আরও তিনটি ‘sexual penetration without consent’ অভিযোগে জুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি। অস্ট্রেলিয়ার আইনে এ ধরনের ‘hung jury’ পরিস্থিতিতে প্রসিকিউশন চাইলে অভিযোগগুলোতে পুনর্বিচার হতে পারে। এবার সেই পথেই এগোচ্ছে মামলা।

ইউং ফিলির বিরুদ্ধে মূল মামলায় মোট ছয়টি সম্মতি ছাড়া যৌন প্রবেশের অভিযোগসহ শারীরিক নির্যাতন ও গলা চেপে ধরার অভিযোগ ছিল। আট দিনের শুনানি শেষে জুরি তাকে তিনটি ধর্ষণ অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করে। গলা চেপে ধরার অভিযোগ এবং একটি শারীরিক নির্যাতনের অভিযোগ থেকেও তিনি খালাস পান।

তবে দুটি ‘assault occasioning bodily harm’ অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগের মধ্যে ওই নারীকে কামড় দেওয়ার ঘটনা ছিল। এসব অভিযোগে তার সাজা এখনই হচ্ছে না; পুনর্বিচার শেষ হওয়ার পর সাজা নির্ধারণ করা হবে।

মামলার অভিযোগের সূত্রপাত ২০২৪ সালের সেপ্টেম্বরে। সে সময় অস্ট্রেলিয়া সফরে থাকা ইউং ফিলি পার্থের হিলারিস এলাকার একটি নাইটক্লাবে পারফর্ম করেন। পরে ২০ বছর বয়সী ওই নারী তার সঙ্গে হোটেলে যান।

আদালতে ওই নারী অভিযোগ করেন, হোটেলে যাওয়ার পর শুরুতে তাদের মধ্যে যৌন সম্পর্ক সম্মতিপূর্ণ ছিল। কিন্তু একপর্যায়ে পরিস্থিতি বদলে যায় এবং ইউং ফিলি তার সম্মতি ছাড়াই যৌন কর্মকাণ্ড চালান ও শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগকারীকে আইনি কারণে শনাক্ত করা হয়নি।

অন্যদিকে ইউং ফিলি আদালতে সব ধরনের ধর্ষণ ও অসম্মতিমূলক যৌন কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য ছিল, তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ ছিল এবং যৌন সম্পর্ক সম্মতিতেই হয়েছিল। তিনি ওই নারীকে কামড় দেওয়ার বিষয়টি স্বীকার করলেও সেটিকে সম্মতিপূর্ণ যৌন আচরণের অংশ হিসেবে বর্ণনা করেন।

পুনর্বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো অভিযোগকারী নারী আবার আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। শুক্রবারের শুনানিতে প্রসিকিউটর ড্যানিয়েল ক্লার্ক বিচারক লিন্ডা ব্ল্যাককে জানান, ওই নারী পুনর্বিচারে আবারও সাক্ষ্য দিতে প্রস্তুত।

তবে নতুন বিচার জুরি দিয়ে হবে, নাকি একজন বিচারক একাই মামলাটি পরিচালনা করবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদালত উভয় পক্ষকে এ বিষয়ে আলোচনা করতে বলেছে।

পুনর্বিচারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে মামলাটি ২৫ সেপ্টেম্বর পশ্চিম অস্ট্রেলিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে পুনর্বিচারের তালিকাভুক্তির জন্য উঠবে। এর আগে ২৭ আগস্ট তার জামিনের শর্ত পরিবর্তনের আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ইউং ফিলি বর্তমানে জামিনে রয়েছেন। এর আগে অভিযোগ দায়েরের পর অস্ট্রেলিয়া ছাড়ার ক্ষেত্রে তার ওপর আদালতের বিধিনিষেধ ছিল এবং তিনি কয়েক মাস যুক্তরাজ্যে থাকার অনুমতিও পেয়েছিলেন।

ইউং ফিলি যুক্তরাজ্যের পরিচিত ইউটিউবার, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ও র‍্যাপার। তিনি ‘বেটা স্কোয়াড’-এর সঙ্গে কাজ করে ব্যাপক পরিচিতি পান। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও তার উপস্থিতি রয়েছে এবং সংগীতের পাশাপাশি অনলাইন বিনোদন জগতেও তার বড় অনুসারী রয়েছে।

সূত্র: এপি নিউজ

ChannelNRB Footer