বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এবার আলোচনার কেন্দ্রে এসেছে তার পোশাক। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে ভারতের জাতীয় পতাকার রং ও অশোকচক্রের আদলে তৈরি একটি জমকালো গাউন পরে মঞ্চে হাজির হন উর্বশী। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।
মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন উর্বশী। অনুষ্ঠানে তিনি যে পোশাকটি পরেছিলেন, তাতে ভারতের জাতীয় পতাকার তিন রং—গেরুয়া, সাদা ও সবুজের ব্যবহার ছিল। পোশাকের মাঝামাঝি অংশে ছিল নীল রঙের অশোকচক্রের আদল। সঙ্গে ছিল ঝালর ও অলংকারের আড়ম্বরপূর্ণ ব্যবহার।
অফ-শোল্ডার বা কাঁধখোলা গাউনটির সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি। তার পুরো সাজই ছিল নজরকাড়া।
উর্বশীর পোশাকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। একাংশের অভিযোগ, জাতীয় পতাকার রং ও অশোকচক্রের আদলে পোশাক তৈরি করে তা পরা জাতীয় পতাকার মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।
অন্যদিকে উর্বশীর সমর্থকদের দাবি, পোশাকটি জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। ফলে সমালোচনার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন তিনি।
বিতর্কের মধ্যেই নিজের পোশাক নিয়ে কথা বলেছেন উর্বশী। তিনি জানান, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।’
অভিনেত্রীর বক্তব্যের পর বিতর্ক আরও ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার দেশপ্রেমের প্রশংসা করেছেন, আবার কেউ পোশাকের ধরন নিয়ে আপত্তি জানিয়েছেন।
এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া আয়োজনটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। কারণ ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন। সে সময় তাকে মুকুট পরিয়েছিলেন অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এক দশক পর একই আয়োজনের বিচারকের দায়িত্বে দেখা গেল উর্বশীকে। এবার নির্বাচন কমিটির অংশ ছিলেন সুস্মিতাও।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন:







