News Ticker
221.png

বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি: বাপ্পারাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২৩:৪২

শেয়ার

শেয়ার

বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি: বাপ্পারাজ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। এবার তাঁর অভিনয় নয়, বরং নিজের অতীত ও বর্তমান জীবন নিয়ে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তিনি। পপির সেই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজ। তাঁর মন্তব্য নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা। 

সম্প্রতি পপির একটি ফটোকার্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নিজের অতীত জীবন, অভিনয়জীবন এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। পপি বলেন, জীবনে যতটুকু ‘পাপ’ করেছেন, সেগুলো থেকে মুক্ত হয়ে জীবনের বাকি সময় সুন্দরভাবে কাটাতে চান। পাশাপাশি আল্লাহ-খোদার নাম নিয়ে বাকি জীবন কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি। 

পপির এমন বক্তব্য সামনে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও পপির বক্তব্যের প্রসঙ্গ তুলে নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন—অভিনয়কে কি তাহলে এখন পাপ হিসেবে দেখছেন তারকারা?

জয়ের সেই পোস্টের মন্তব্যের ঘরেই নিজের মতামত জানান বাপ্পারাজ। পপিকে উদ্দেশ্য করেই যেন তিনি লিখেছেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’ 

বাপ্পারাজের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর বক্তব্যকে পপির সাম্প্রতিক মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তবে বাপ্পারাজ নিজে তাঁর মন্তব্যে পপির নাম উল্লেখ করেননি।

অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকা পপি সম্প্রতি নিজের জীবন নিয়ে আবেগঘন বক্তব্য দেন। সেখানে তিনি জানান, জীবনের বাকি সময়টা সুন্দরভাবে কাটাতে চান। ভালোভাবে বাঁচতে চান এবং সৃষ্টিকর্তার স্মরণে থাকতে চান।

নিজের অতীতের কথা বলতে গিয়ে তিনি আক্ষেপের সুরে বলেন, কাজ করতে গিয়ে অনেক মানুষের গালি শুনেছেন এবং নিজের জীবনে অনেক ‘পাপ’ কামিয়েছেন বলে মনে করেন। এখন সেসব থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে জীবন শেষ করতে চান বলেও জানান তিনি। 

পপির এই বক্তব্যই মূলত নতুন করে তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।

পপির বক্তব্য সামনে এনে শাহরিয়ার নাজিম জয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি পপির পাশাপাশি অতীতে অভিনয় করা অন্য কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীকেও প্রসঙ্গে আনেন। তাঁর বক্তব্যের মূল প্রশ্ন ছিল—অভিনয়জীবনে থাকা অবস্থায় যেটিকে পেশা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে সেটিকেই কেন ‘পাপ’ হিসেবে দেখা হচ্ছে?

জয়ের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত হন, আবার কেউ মনে করেন, একজন শিল্পীর ব্যক্তিগত উপলব্ধি ও জীবন পরিবর্তনের সিদ্ধান্তকে সম্মান করা উচিত।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সে সময় উল্লেখযোগ্য ব্যবসা করে এবং পপিকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

পরবর্তী সময়ে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের সফল সময় পেরিয়ে বেশ কয়েক বছর ধরে তিনি রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে। 

অভিনয় থেকে দূরে থাকা পপির ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে আলোচনা হলেও এবার তাঁর নিজের বক্তব্যই সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। আর সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাপ্পারাজের কড়া মন্তব্য বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।

 

ChannelNRB Footer