চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ও অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। ডনের পক্ষে আইনজীবী মফিজুল ইসলাম জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
ডনের আইনজীবী আদালতে দাবি করেন, সালমান শাহর মৃত্যুর ঘটনার বিষয়ে ডন কিছুই জানতেন না এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। জামিন আবেদনে তার শারীরিক অসুস্থতা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া এবং স্থায়ী ঠিকানা থাকার বিষয়গুলোও উল্লেখ করা হয়।
এ ছাড়া জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং আদালতে উপযুক্ত জামিনদার দেওয়ার কথাও আবেদনে জানানো হয়। তবে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেননি।
সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনকে গত ৯ আগস্ট ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এরপর ২৭ আগস্ট আদালত মামলায় ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়েছিল।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালত ঘটনাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। এর পরদিন, ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি, আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন:







