উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে বুমেরদেস (Boumerdes) প্রদেশের এল কারমা (El Karma) এলাকায় শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি সেতিফ (Sétif) শহর থেকে আলজিয়ার্সের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথিমধ্যে অজ্ঞাত কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক ছেড়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মাসউদেন জানিয়েছেন, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় এবং এ বিষয়ে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয়। দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং যানবাহনের ত্রুটির কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ প্রাণ হারান। ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩,৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী বাস দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন:







