পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ব্রড পিক (৮,০৪৭ মিটার) অভিযানের সময় তুষারধসে নিহত হয়েছেন ওমানের কিংবদন্তি পর্বতারোহী ও দেশটির প্রথম এভারেস্টজয়ী নারী নাধিরা আল হার্থি। পাকিস্তানের আলপাইন ক্লাব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একই ঘটনায় নেপালি পর্বতারোহী পুর বাহাদুর গুরুংয়ের মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে অবস্থিত বিশ্বের ১২তম উচ্চতম শৃঙ্গ ব্রড পিকে গত ৩০ জুলাই সামিটের উদ্দেশ্যে ওঠার সময় ক্যাম্প-৩-এর নিচে প্রায় ৬,৬০০ মিটার উচ্চতায় এই তুষারধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় আন্তর্জাতিক অভিযাত্রী দলের একাধিক সদস্য নিখোঁজ হয়ে যান। পরে উদ্ধার অভিযানে চারটি মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে নাধিরা আল হার্থির মরদেহও ছিল।
নাধিরা আল হার্থি ২০১৯ সালে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েন। তিনি ছিলেন ওমানের প্রথম নারী, যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন। পরবর্তীতে তিনি কে-টু, মানাসলু ও নাঙ্গা পার্বতসহ একাধিক আট হাজার মিটারের শৃঙ্গ জয় করেন এবং আরব বিশ্বের নারী পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন।
পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, নাধিরার মরদেহ হেলিকপ্টারের মাধ্যমে স্কার্দুতে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ অন্যান্য পর্বতারোহীদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
নাধিরার মৃত্যুতে ওমানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির ক্রীড়া ও পর্বতারোহণ মহলসহ আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায় তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। অনেকেই তাকে মধ্যপ্রাচ্যের নারীদের জন্য সাহস, অধ্যবসায় ও স্বপ্নপূরণের প্রতীক হিসেবে স্মরণ করছেন।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন:







