News Ticker
221.png

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ২০:২৯

শেয়ার

শেয়ার

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলের কাছে মাঝ সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৪১ জন নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পরপরই দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো যৌথভাবে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে।

রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সকালে মুতিয়ারা সেন্টোসা–২ (Mutiara Sentosa 2) নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার অভিমুখে যাত্রা করছিল। ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু ছিলেন। যাত্রাপথে মাদুরা দ্বীপের উপকূলের কাছে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেরি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং অনেক যাত্রী জীবন বাঁচাতে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। আশপাশে থাকা টাগবোট ও অন্যান্য জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে নৌবাহিনীর জাহাজও অভিযানে যোগ দেয়।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (Basarnas) জানিয়েছে, এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪১ জন নিখোঁজ থাকায় তাদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে তল্লাশি অব্যাহত রয়েছে। খারাপ আবহাওয়া এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও অভিযান চলছে। 

কী কারণে ফেরিটিতে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: এপি নিউজ

ChannelNRB Footer