অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়ংকর মরুভূমিতে তৃষ্ণা ও তীব্র দাবদাহে প্রাণ হারিয়েছেন ১৯ জন আফগান অভিবাসী। দেশটির নিমরোজ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা শনিবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি রেগ-ই লালো (Rig Lalo) মরুভূমি থেকে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই দলের ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছিল দাশত-ই মার্গো (Dasht-e Margo) বা ‘মৃত্যুর মরুভূমি’ এলাকা থেকে। সব মিলিয়ে নিখোঁজ ১৯ জনের সবাই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নিমরোজ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, ইরানে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের দেখানো পথ ধরে মরুভূমি অতিক্রম করার সময় দলটি পথ হারিয়ে ফেলে। প্রচণ্ড গরমে তাদের সঙ্গে থাকা পানি শেষ হয়ে গেলে তৃষ্ণা ও পানিশূন্যতায় একে একে সবার মৃত্যু হয়।
প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র আবদুল মুতাওয়াকিল তাওহিদি বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকারী দল মরদেহগুলো দুর্গম মরুভূমি থেকে উদ্ধার করে। নিহতদের সবাই আফগানিস্তানের বাদগিস (Badghis) প্রদেশের বাসিন্দা ছিলেন এবং কাজের সন্ধানে ইরানে যাওয়ার চেষ্টা করছিলেন।
আফগানিস্তান থেকে ইরানে যাওয়ার অন্যতম প্রধান অনিয়মিত রুট নিমরোজ প্রদেশ। তালেবান প্রশাসন অবৈধভাবে সীমান্ত পারাপারের বিরুদ্ধে সতর্ক করলেও দারিদ্র্য, বেকারত্ব ও উন্নত জীবিকার আশায় বহু আফগান এখনও মানবপাচারকারীদের মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। প্রতি বছর চরম গরম, পানির সংকট এবং পথ হারানোর কারণে এ ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট গভীর শোক প্রকাশ করেছেন। তারা এই ধরনের প্রাণঘাতী অভিবাসন ঠেকাতে মূল কারণগুলো মোকাবিলা এবং নিরাপদ অভিবাসনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন:







