উন্নত জীবনের আশায় স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাগরে ডুবে মারা গেছেন মরক্কোর ২০ বছর বয়সী নারী ফুটবলার ফাতেন বেন ওমর এল আজিজি। উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায় (Ceuta) সাঁতরে প্রবেশের চেষ্টা করার সময় তিনি প্রাণ হারান।
স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদসূত্র জানায়, ফাতেন মরক্কোর টেতুয়ানভিত্তিক নারী ফুটবল ক্লাব মাগরেব অ্যাথলেটিক-এর খেলোয়াড় ছিলেন। সাম্প্রতিক সময়ে মরক্কো থেকে হাজারো মানুষ ভূমধ্যসাগর পেরিয়ে সেউতায় প্রবেশের চেষ্টা করলে তিনিও সেই দলে যোগ দেন। উত্তাল সমুদ্র ও প্রবল স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, ফাতেনের লক্ষ্য ছিল ইউরোপে গিয়ে ভালো জীবন ও ফুটবল ক্যারিয়ার গড়ে তোলা। আরও হৃদয়বিদারক বিষয় হলো, যে দিন তিনি মারা যান, সেদিনই তার শেনজেন ভিসা অনুমোদনের খবর পরিবারের কাছে পৌঁছায়। কিন্তু সেই সুসংবাদ আর তার কানে পৌঁছায়নি।
ফাতেনের মৃত্যুর পর নিজ শহরে শত শত মানুষ তার জানাজা ও দাফলে অংশ নেন। সতীর্থ, কোচ এবং স্থানীয় বাসিন্দারা তাকে স্মরণ করে বলেন, তিনি একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন এবং বড় স্বপ্ন দেখতেন। তার মৃত্যু মরক্কোর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলেছে।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে মরক্কো থেকে স্পেনের সেউতা সীমান্তে অভূতপূর্ব সংখ্যক মানুষ প্রবেশের চেষ্টা করেছেন। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই গণঅভিবাসন চেষ্টায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। যদিও মরক্কোর সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা কম। অধিকাংশের মৃত্যু ডুবে যাওয়া বা পদদলিত হওয়ার ঘটনায় হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







