ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় গভীর রাতে ঘরে ঘুমিয়ে থাকা এক নারীকে মাথায় কামড়ে ধরে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায় একটি রয়েল বেঙ্গল টাইগার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, নিহত নারীর নাম সুগনি বাই ধুরভে। রোববার রাত প্রায় ১টা ৩০ মিনিটে কানহা টাইগার রিজার্ভের সিজহোরা বাফার জোনের অন্তর্গত খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামে ঘটনাটি ঘটে। সে সময় সুগনি বাই পরিবারের সদস্যদের সঙ্গে কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাঘটি হঠাৎ গ্রামে ঢুকে ঘরের ভেতর থেকে নারীর মাথা কামড়ে ধরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসীরা টর্চ ও লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। তাদের ধাওয়ায় বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে আহত নারীকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত সুগনি বাইকে বাইহার উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। মাথায় গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত বনরক্ষী মোতায়েন করা হয়েছে এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের রাতের বেলা ঘরের বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বন বিভাগ ধারণা করছে, খাদ্যের সন্ধান কিংবা আবাসস্থলের সীমানা অতিক্রম করে বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:







