প্রকৃতির এক বিরল বিস্ময়ের সাক্ষী হতে যাচ্ছে স্পেনের উত্তরাঞ্চলের ছোট্ট গ্রাম আভেলানোসা দে মুনিও (Avellanosa de Muñó)। আগামী ১২ আগস্ট, এখানে এমন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে, যেখানে বাসিন্দা ও পর্যটকরা একই দিনে দুইবার সূর্যাস্তের অভিজ্ঞতা লাভ করবেন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এদিন ইউরোপের আকাশে শতাধিক বছরের মধ্যে অন্যতম বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্ত যেতে থাকবে, ঠিক সেই সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেবে। ফলে কয়েক মিনিটের জন্য চারপাশে অন্ধকার নেমে আসবে, যা দেখতে অনেকটা সূর্যাস্তের মতো মনে হবে। এরপর চাঁদ সরে গেলে সূর্য আবার দৃশ্যমান হবে এবং কয়েক মিনিট পর স্বাভাবিকভাবেই দ্বিতীয়বারের মতো অস্ত যাবে। এই কারণেই ঘটনাটিকে ‘এক দিনে দুই সূর্যাস্ত’ বলা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিরল দৃশ্য পৃথিবীর খুব অল্প কয়েকটি স্থান থেকেই দেখা সম্ভব হবে। স্পেনের উত্তরাঞ্চলের কয়েকটি গ্রাম ও শহর এই অভিজ্ঞতার জন্য সবচেয়ে উপযুক্ত অবস্থানে রয়েছে। এর মধ্যে আভেলানোসা দে মুনিও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই স্পেনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক স্পেনে আসতে পারেন। স্থানীয় হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটনসেবা খাতে বুকিংও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ নিরাপদে দেখতে অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন ISO 12312-2 সনদপ্রাপ্ত সোলার ইক্লিপস চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সূর্যের দিকে তাকানো মারাত্মকভাবে চোখের ক্ষতি করতে পারে।
সূত্র: ভিয়েতনাম.ভিএন
আরও পড়ুন:







