জেরুজালেমের মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের পদক্ষেপে দীর্ঘদিনের প্রচলিত ‘স্ট্যাটাস কু’ বা বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করে জর্ডান আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে।
জর্ডানের আশঙ্কা, আল-আকসা প্রাঙ্গণের বর্তমান প্রশাসনিক ও ধর্মীয় ব্যবস্থায় কোনো একতরফা পরিবর্তন আনা হলে তা শুধু ফিলিস্তিন-ইসরায়েল সংকটকে আরও জটিল করবে না, বরং পুরো মুসলিম বিশ্বে ব্যাপক ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। এ কারণেই দেশটি আরব লীগভুক্ত রাষ্ট্রগুলোর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি আলোচনা শুরু করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনৈতিক নেতাদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনাকে জর্ডান ঐতিহাসিক ‘স্ট্যাটাস কু’ লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সতর্ক করে বলেছেন, পবিত্র স্থানটির বর্তমান অবস্থার পরিবর্তন পুরো অঞ্চলে বড় ধরনের ধর্মীয় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে জর্ডান-সমর্থিত ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের ভূমিকা রয়েছে। ১৯৯৪ সালের ইসরায়েল-জর্ডান শান্তিচুক্তিতেও এই ব্যবস্থার স্বীকৃতি দেওয়া হয়। তবে নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় এ স্থানকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা তৈরি হয়।
বিশ্লেষকদের মতে, আল-আকসার প্রশাসনিক বা ধর্মীয় অবস্থায় যেকোনো পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতাকে আরও উসকে দিতে পারে। এ কারণে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।
সূত্র: দা গার্ডিয়ান
আরও পড়ুন:







