চীনের এক ব্যবসায়ীর অস্বাভাবিক এক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের বিয়েতে মাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন প্রতিষ্ঠানটির মালিক। পরে ওই কর্মীর মাকে একই প্রতিষ্ঠানে চাকরিও দিয়েছেন তিনি।
ঘটনাটি সামনে আনেন চীনের হেনান প্রদেশের Henan Kuangshan Crane Co.-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান Cui Peijun। তিনি জানান, এক কর্মী তার বিয়ের অনুষ্ঠানে নিজের মাকে আমন্ত্রণ জানাননি। কারণ হিসেবে ওই কর্মী নাকি জানিয়েছিলেন, মায়ের চেহারা নিয়ে তিনি বিব্রত বোধ করতেন।
কুই পেইজুন বলেন, তিনি বিষয়টি জানার পর ওই কর্মীর প্রতি হতাশ হন। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির বাবা মারা গিয়েছিলেন যখন তিনি ছোট ছিলেন এবং তার মা একাই তাকে বড় করেছেন। এমন পরিস্থিতিতে মায়ের প্রতি এমন আচরণকে তিনি গ্রহণ করতে পারেননি।
খবরে বলা হয়, কর্মীটি পরে মালিকের কাছে ক্ষমা চেয়ে চাকরিতে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তবে মালিক সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তিনি জানান, কর্মীর পেশাগত দক্ষতা থাকলেও পারিবারিক দায়িত্ব ও কৃতজ্ঞতার বিষয়টিকেও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।
তবে ঘটনাটি নিয়ে অনলাইনে মতভেদ তৈরি হয়েছে। অনেকেই মালিকের সিদ্ধান্তকে প্রশংসা করে বলেছেন, বাবা-মায়ের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত জীবনের একটি সিদ্ধান্তের কারণে একজন কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া কতটা যুক্তিসঙ্গত।
ঘটনাটি চীনের সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং কর্মক্ষেত্রে নৈতিক মূল্যবোধ বনাম ব্যক্তিগত স্বাধীনতা—এই বিতর্ককে নতুন করে সামনে এনেছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:







