বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু (Nauru) আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম পরিবর্তন করেছে। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন থেকে পরিচিত হবে ‘রিপাবলিক অব নাওয়েরো’ (Republic of Naoero) নামে।
দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং জানান, এই নাম পরিবর্তনের মাধ্যমে নাওয়েরো তার নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও গুরুত্ব দিতে চায়। ঔপনিবেশিক আমলে বিদেশিদের উচ্চারণের সুবিধার জন্য স্থানীয় নামটি বদলে ‘নাউরু’ করা হয়েছিল বলে দেশটির সরকার জানিয়েছে।
নাম পরিবর্তনের সঙ্গে দেশটির আন্তর্জাতিক কোডও বদলানো হচ্ছে। আগে নাউরুর কোড ছিল NRU, যা পরিবর্তিত হয়ে হবে NRO। একই সঙ্গে দেশটির নাগরিকদের পরিচয়ও ‘Nauruan’-এর পরিবর্তে ‘dei-Naoero’ হিসেবে ব্যবহৃত হবে।
প্রায় ২১ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপদেশে বসবাস করেন প্রায় ১২ হাজার মানুষ। আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচিত। ফসফেট খনির ওপর নির্ভরশীল অর্থনীতি একসময় সমৃদ্ধ হলেও পরে দেশটি অর্থনৈতিক সংকটে পড়ে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নাওয়েরোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নাওয়েরোর নাম পরিবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি দেশটির আদিবাসী পরিচয় ও ঐতিহাসিক শিকড় পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা। বিশ্বের আরও কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে ঔপনিবেশিক প্রভাব থেকে নিজেদের ঐতিহ্যবাহী নাম ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
সূত্র: এপি নিউজ
আরও পড়ুন:







