ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমাবদ্ধ (restrict) হয়ে যাওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান বৈশ্বিক বিষয়ক কর্মকর্তা জোয়েল কাপলান (Joel Kaplan) ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে এ ঘটনার জন্য ক্ষমা চান এবং এটিকে একটি কারিগরি বা পরিচালনাগত ভুল (operational error) বলে উল্লেখ করেন।
ঘটনার সূত্রপাত হয় গত মাসে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও-সংবলিত ফেসবুক পোস্ট অল্প সময়ের জন্য ব্যবহারকারীদের কাছে সীমাবদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে ভারত সরকার মেটার কাছে ব্যাখ্যা চায় এবং কোম্পানির কর্মকর্তাদের তলব করে। পরে মেটা পোস্টটি পুনর্বহাল করে এবং জানায়, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত ত্রুটির ফল।
বৈঠকের পর মেটা জানায়, তারা ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না ঘটে, সে জন্য তাদের কনটেন্ট মডারেশন ও অপারেশনাল প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে কোম্পানিটি শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট (CSAM), ডিপফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনার অন্যান্য ত্রুটি নিয়েও ভারত সরকারের উদ্বেগের বিষয়ে আলোচনা করেছে।
এদিকে ভারতের সংসদীয় তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত স্থায়ী কমিটিও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। কমিটির পক্ষ থেকে মেটা সিইও মার্ক জাকারবার্গের কাছ থেকেও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মেটার জবাবদিহিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভারত সরকার ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে কনটেন্ট নিয়ন্ত্রণ, অ্যালগরিদমিক স্বচ্ছতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জবাবদিহিতা নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন:







