নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে অপহৃত ৩০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এই অভিযানকে দেশের ইতিহাসে একই দিনে পরিচালিত সবচেয়ে বড় উদ্ধার অভিযানের একটি হিসেবে উল্লেখ করে নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা (Kwara) অঙ্গরাজ্যের একটি গ্রাম থেকে এবং বাকি ১৪৫ জনকে নাইজার (Niger) অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। তাদের নাইজার অঙ্গরাজ্যের কাইনজি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চলে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (NCTC), সেনাবাহিনী, স্টেট সিকিউরিটি সার্ভিস (DSS) এবং পুলিশ বাহিনীর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দীর্ঘ পরিকল্পনা ও সমন্বিত অভিযানের মাধ্যমে অপহরণকারীদের আস্তানা ঘিরে ফেলে জিম্মিদের নিরাপদে উদ্ধার করা হয়।
প্রেসিডেন্ট টিনুবু এক বিবৃতিতে বলেন, এই সফল অভিযান প্রমাণ করেছে যে গোয়েন্দাভিত্তিক নিরাপত্তা কার্যক্রম এবং বিভিন্ন সংস্থার সমন্বয় জোরদার হলে অপহরণ ও সন্ত্রাসবাদ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতা ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সশস্ত্র দুষ্কৃতকারী গোষ্ঠী, স্থানীয় ‘ব্যান্ডিট’ চক্র এবং জঙ্গিগোষ্ঠীর হামলায় বহু মানুষ অপহরণের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করেছে এবং সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়ার কর্তৃপক্ষ। একই সঙ্গে অপহরণকারী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও সরকার জানিয়েছে।
সূত্র: চ্যানেলস টেলিভিশন
আরও পড়ুন:







