সাধারণ যাত্রী নয়, এই বাসের যাত্রী চার পায়ের বন্ধুরা। ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের লিডস শহরে কুকুরদের জন্য বিশেষভাবে তৈরি একটি বাস চালিয়ে আলোচনায় এসেছেন ৫৬ বছর বয়সী শ্যারন টেলফোর্ড। তার এই অভিনব কাজ এখন স্থানীয়দের মুখে মুখে।
শ্যারন টেলফোর্ড আগে শিশুদের জন্য মোবাইল প্লে বাস পরিচালনা করতেন। দীর্ঘদিন সেই অভিজ্ঞতার পর নতুন কিছু করার সন্ধানে তিনি যুক্ত হন Billy’s Bus নামের একটি বিশেষ ডগ বাস সার্ভিসের সঙ্গে। ২০২৫ সালে নিজের আগের ব্যবসা বিক্রি করার পর তিনি এই নতুন পেশায় আসেন।
এই বিশেষ বাসে কুকুরদের নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট একটি ডগ পার্কে, যেখানে তারা খেলাধুলা, দৌড়ঝাঁপ ও সামাজিক মেলামেশার সুযোগ পায়। বাসটিতে সাধারণ আসনের বদলে প্রতিটি কুকুরের জন্য আলাদা ‘পাপ পড’ বা নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে সুরক্ষা ব্যবস্থা, পানির বাটি এবং আরামদায়ক পরিবেশ।
একটি যাত্রায় সর্বোচ্চ ১৫টি কুকুর থাকতে পারে। শ্যারনের দায়িত্ব শুধু বাস চালানো নয়, পার্কে গিয়ে কুকুরগুলোর দেখাশোনা করাও। তিনি জানান, অনেক কুকুর নিয়মিত যাতায়াত করতে করতে বাসের নির্দিষ্ট আসনও পছন্দ করে ফেলেছে।
শ্যারনের ভাষায়, প্রতিদিন কুকুরদের আনন্দ করতে দেখা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। বাসটি রাস্তায় চলার সময় মানুষ হাসিমুখে হাত নাড়েন, কারণ জানালা দিয়ে দেখা যায় উচ্ছ্বসিত কুকুরদের।
এই ডগ বাস সার্ভিসের লক্ষ্য হলো ব্যস্ত মালিকদের কুকুরদের জন্য নিরাপদ বিনোদন ও শরীরচর্চার সুযোগ তৈরি করা। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের সেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
কুকুরপ্রেমীদের মধ্যে এই উদ্যোগ ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই মনে করছেন, পোষা প্রাণীর যত্ন ও বিনোদনের ক্ষেত্রে এটি একটি নতুন ধারণা তৈরি করেছে। লিডস থেকে শুরু হওয়া এই ‘ডগ বাস’ ধারণা ভবিষ্যতে যুক্তরাজ্যের আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন:







