মেক্সিকোর জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে টিকটক লাইভ সম্প্রচারের সময় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকানের ত্রেস রিওস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে এ হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে দুই বন্ধুর সঙ্গে লাইভ ভিডিও করছিলেন সিজার গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্তের একজন খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পুরো ঘটনার একটি অংশ লাইভ সম্প্রচারে ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে মাদক কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিজার গাস্তেলুমের বিপুল জনপ্রিয়তা ছিল। ভ্রমণ, বিলাসবহুল গাড়ি এবং নৈশজীবন নিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে তিনি পরিচিতি পান। পুলিশ খতিয়ে দেখছে, হত্যার আগে তিনি কোনো ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কি না।
উল্লেখ্য, মেক্সিকোতে লাইভ সম্প্রচারের সময় কোনো সামাজিক যোগাযোগমাধ্যম তারকাকে হত্যার ঘটনা এবারই প্রথম নয়। গত বছর ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকেও টিকটক লাইভ চলাকালে একটি বিউটি পার্লারে গুলি করে হত্যা করা হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনায় দেশটিতে কনটেন্ট নির্মাতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:







