News Ticker
221.png

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১১:২১

শেয়ার

শেয়ার

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে (Executive Order) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর ব্যাখ্যার আওতায় থাকা জন্মসূত্রে নাগরিকত্বের পরিধি আরও সংকুচিত করার উদ্যোগ নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন আদেশগুলোর একটি মূলত 'বার্থ ট্যুরিজম' (Birth Tourism) বা সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে বিদেশি নাগরিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা রোধে নেওয়া হয়েছে। এ আদেশ অনুযায়ী, কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ভিসা ও অভিবাসন ব্যবস্থা নেওয়া হবে। 

অন্য আদেশে বিদেশি সরকারের কর্মচারী, কূটনৈতিক বিশেষ মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি এবং প্রশাসনের ভাষায় নির্দিষ্ট কিছু ব্যতিক্রমী শ্রেণির ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের সুযোগ সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পদক্ষেপ সংবিধানের বিদ্যমান ব্যতিক্রমগুলোর নতুন ব্যাখ্যার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং এটি আগের আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক নয়।

তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন নাগরিক অধিকার সংগঠন, অভিবাসন বিশেষজ্ঞ ও বিরোধী রাজনীতিকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারী। তারা বলছেন, নতুন নির্বাহী আদেশও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। 

উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি বিস্তৃত উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। এরপর অপেক্ষাকৃত সীমিত পরিসরে নতুন এই নির্বাহী আদেশ জারি করা হলো, যা আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসননীতি ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer