News Ticker
221.png

শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে মেটাকে রেকর্ড ৫৬.৭ কোটি ডলার জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১১:৪৬

শেয়ার

শেয়ার

শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে মেটাকে রেকর্ড ৫৬.৭ কোটি ডলার জরিমানা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসকে অতিরিক্ত ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৫৬৭ মিলিয়ন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। এর আগে একই মামলায় জুরি বোর্ড মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছিল। ফলে মামলাটিতে কোম্পানিটির মোট আর্থিক দায় দাঁড়াল ৯৪ কোটি ২০ লাখ ডলার (৯৪২ মিলিয়ন ডলার)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারক ব্রায়ান বিডশেইড রায়ে বলেন, মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশা এবং পরিচালনাগত ত্রুটির কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, অনলাইন শোষণ ও যৌন অপরাধের ঝুঁকি বেড়েছে। আদালত এ ঘটনাকে জনস্বার্থের জন্য ক্ষতিকর (Public Nuisance) হিসেবে আখ্যায়িত করেছে।

রায় অনুযায়ী, ৫৬৭ মিলিয়ন ডলারের মধ্যে ৪২০ মিলিয়ন ডলার কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন তহবিলে ব্যয় করা হবে। বাকি অর্থ সচেতনতা কার্যক্রম, প্রতিরোধমূলক উদ্যোগ, স্ক্রিনিং এবং অন্যান্য সহায়তা কর্মসূচিতে ব্যবহার করা হবে।

আদালত মেটাকে আর্থিক জরিমানার পাশাপাশি একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য উন্নত বয়স যাচাই ব্যবস্থা, শিশুদের সুরক্ষায় ডিফল্ট নিরাপত্তা সেটিংস জোরদার, প্রাপ্তবয়স্কদের সঙ্গে কিশোর ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ সীমিত করা, প্ল্যাটফর্মে নিরাপত্তা-সংক্রান্ত সতর্কবার্তা প্রদর্শন এবং নির্ধারিত সময় অন্তর আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া।

অন্যদিকে মেটা রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে জানিয়েছে, তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। কোম্পানির দাবি, আদালতের রায় তাদের নিরাপত্তা কার্যক্রমের বাস্তব চিত্র যথাযথভাবে প্রতিফলিত করেনি।

বিশ্লেষকদের মতে, এই রায় যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শিশুদের ক্ষতির অভিযোগে প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল। ভবিষ্যতে অন্যান্য অঙ্গরাজ্যেও একই ধরনের মামলায় এই রায় প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer