জনপ্রিয় একটি ক্রাইম ওয়েব সিরিজ দেখে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ভারতের দিল্লির এক সফটওয়্যার কনসালটেন্ট। অভিযোগ, স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর প্রমাণ নষ্ট এবং তদন্তকে ভিন্ন খাতে নিতে বিভিন্ন কৌশলও অবলম্বন করেন তিনি।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই পূর্ব দিল্লির নিজ বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কমল সিং ও তার স্ত্রী কোমল সিং তখন বাড়িতে একাই ছিলেন। সুযোগ বুঝে বারান্দায় কাপড় শুকাতে থাকা স্ত্রীকে পেছন থেকে একটি তলোয়ার দিয়ে আঘাত করেন কমল। পরে তিনি কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করে স্ত্রীকে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত গোসল করে রক্তমাখা পোশাক ও হত্যায় ব্যবহৃত অস্ত্র একটি ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পথে ব্যাগটি ফেলে দেন। এছাড়া বাসা থেকে প্রায় ৫ লাখ রুপি এবং দুটি ব্যাংক হিসাব থেকে আরও প্রায় ৭ লাখ রুপি তুলে নিয়ে পালিয়ে যান।
তদন্তে জানা যায়, পুলিশের সন্দেহ এড়াতে তিনি নিজের মোবাইল ফোন সচল রেখে নেপালে পালিয়ে যাওয়ার ভান করেন। পরে ফোন বন্ধ করে ভারতের মথুরায় আত্মগোপন করেন। তবে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তিন দিনের অভিযানের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে কমল সিং জানান, জনপ্রিয় ক্রাইম ওয়েব সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ (The Staircase) দেখে তিনি হত্যার পরিকল্পনা এবং প্রমাণ গোপনের কৌশল সম্পর্কে ধারণা পান। যদিও পুলিশ বলছে, এসব পরিকল্পনা শেষ পর্যন্ত তদন্তকারীদের বিভ্রান্ত করতে পারেনি।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পাশাপাশি পারিবারিক কলহ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও হত্যার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







