News Ticker
221.png

ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ২৩:১৮

শেয়ার

শেয়ার

ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে পড়ে। এতে ফ্লাইটে থাকা আড়াই শতাধিক যাত্রী প্রায় সাত ঘণ্টারও বেশি সময় উড়োজাহাজের ভেতরে অবস্থান করতে বাধ্য হন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কারিগরি পরীক্ষায় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

ফ্লাইটে থাকা যাত্রীরা জানান, যান্ত্রিক সমস্যার কারণে তাদের জানানো হয় যে মেরামত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি উড্ডয়ন করতে পারবে না। ফলে দীর্ঘ সময় যাত্রীদের বিমানের ভেতরেই অপেক্ষা করতে হয়। তবে কখন ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় বিমানের ভেতরে আটকে থাকায় শিশু, বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের মধ্যে অনেকেই শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন বলে অভিযোগ করেন যাত্রীরা। তারা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

এক যাত্রী গণমাধ্যমকে বলেন, দীর্ঘ সময় গরম ও অস্বস্তিকর পরিবেশে অবস্থান করায় অনেকের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তিনি বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে কাজ চলছে।

ChannelNRB Footer