News Ticker
221.png

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে করা চুক্তি সৌদিকে বাঁচাতে পারবে না: ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৫:০৭

শেয়ার

শেয়ার

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে করা চুক্তি সৌদিকে বাঁচাতে পারবে না: ইরান
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তিকে কটাক্ষ করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা এই ‘কাগুজে চুক্তি’ সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না। তিনি রিয়াদকে নিজেদের নীতি পরিবর্তনের পরামর্শও দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠকের পর ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল বিষয় হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইব্রাহিম রেজাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের একপাক্ষিক সম্পর্ক সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারেনি। একইভাবে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা নতুন চুক্তিও রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশটিকে নিজেদের নীতিতে পরিবর্তন আনতে হবে। অন্য দেশের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা নেওয়ার পরিবর্তে এমন নীতি গ্রহণ করা উচিত, যাতে সৌদি আরবকে বাইরের শক্তির ওপর নির্ভর করতে না হয়।

নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তিন দেশের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হলো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। তুরস্ক বিশেষভাবে জানিয়েছে, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি প্রতিরক্ষামূলক প্রকৃতির।

চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল স্থাপনাগুলোও হামলার ঝুঁকিতে পড়েছে। ফলে রিয়াদ নিজেদের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও বিস্তৃত করার চেষ্টা করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তিটি তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে করা হলেও এর ফলে ইরানের সঙ্গে তাদের সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer