অরুণাচল প্রদেশ নিয়ে চীনের ধারাবাহিক নামকরণ ও ভূখণ্ডগত দাবির পাল্টা পদক্ষেপ হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। অরুণাচল প্রদেশের ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ও মান্য করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারতীয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে চীনের ‘নাম বদলের রাজনীতি’র সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং বিভিন্ন সময়ে রাজ্যটির বিভিন্ন স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের চীনা নাম ঘোষণা করেছে। ভারত বরাবরই এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে।
সাম্প্রতিক উদ্যোগে অরুণাচলের ২৭টি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম ভারতীয় সরকারি মানচিত্রে নির্ধারিত ও মান্য করা হয়েছে। এই কাজটি অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শুধু মানচিত্রে নাম যুক্ত করা নয়; বরং অরুণাচল প্রদেশের ওপর নিজেদের প্রশাসনিক ও ভৌগোলিক অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরা। চীনের পক্ষ থেকে কোনো স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে ভূখণ্ডগত দাবিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হলে তার বিপরীতে ভারতও নিজস্ব সরকারি নথি ও মানচিত্রে অবস্থান জোরালো করছে।
অরুণাচল প্রদেশ নিয়ে ভারত-চীন বিরোধ বহুদিনের। চীন অঞ্চলটিকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে দাবি করে। অন্যদিকে ভারত অরুণাচলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। দুই দেশের সীমান্ত বিরোধের বৃহত্তর প্রেক্ষাপটে এই রাজ্যটি কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বছরগুলোতে অরুণাচলের বিভিন্ন স্থানকে নতুন নামে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে চীন। এর আগে চীনের প্রকাশিত মানচিত্রেও অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানোর ঘটনা ঘটেছে। ভারত এসব পদক্ষেপকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, নাম পরিবর্তন করলেই কোনো ভূখণ্ডের মালিকানা বদলে যায় না।
বিশ্লেষকদের দৃষ্টিতে, ভারতের ২৭টি স্থানকে সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে মান্য করার সিদ্ধান্ত সীমান্ত বিরোধে একটি প্রতীকী ও কূটনৈতিক বার্তা বহন করছে। অর্থাৎ, অরুণাচল নিয়ে চীনের যেকোনো প্রশাসনিক বা মানচিত্রভিত্তিক পদক্ষেপের জবাব দিতে ভারতও নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরছে।
ফলে অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত-চীন টানাপোড়েনে নতুন করে মানচিত্র ও স্থাননামের কূটনীতি সামনে এসেছে। সামরিক উত্তেজনার পাশাপাশি এই ‘কার নাম, কার মানচিত্র’—এই লড়াইও দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুন:







