ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) ভোরে মুম্বাইয়ের গাটকোপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রবল বর্ষণের মধ্যে একটি পাহাড়ি ঢালের অংশ ধসে কাছাকাছি থাকা দুই থেকে তিনটি ঘরের ওপর পড়ে। এতে ঘরগুলোর বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সরু গলি ও দুর্গম প্রবেশপথের কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটে। একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের মধ্যে দুই শিশু ও দুই কিশোর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুম্বাইয়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে ভারী বৃষ্টিপাত নিয়মিত ঘটনা। অতিবৃষ্টির কারণে শহরটিতে জলাবদ্ধতা, ভূমিধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়ণ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ ঢালে নির্মাণকাজ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।
ভারতের আবহাওয়া বিভাগ পশ্চিমাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র: এপি নিউজ
আরও পড়ুন:







