News Ticker
221.png

সূর্যগ্রহণ দেখতে শেষ মুহূর্তে চশমার জন্য হুড়োহুড়ি, দোকানে দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২২:৫৯

শেয়ার

শেয়ার

সূর্যগ্রহণ দেখতে শেষ মুহূর্তে চশমার জন্য হুড়োহুড়ি, দোকানে দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

বিরল সূর্যগ্রহণ দেখার আগ্রহে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ইউরোপের বিভিন্ন শহরে মানুষের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণকে কেন্দ্র করে লন্ডন, ডাবলিন ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে সোলার এক্লিপ্স চশমা বিক্রির দোকানের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে।

ডাবলিনে একটি দোকানে কয়েক ঘণ্টার মধ্যে বিপুলসংখ্যক ক্রেতা ভিড় করেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, একটি দোকানে সকালে ২ হাজার ৪০০ জোড়া গ্রহণের চশমা আসার পর সেগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। চশমা কিনতে কেউ কেউ প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেছেন।

লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকাতেও চশমার জন্য দীর্ঘ সারি তৈরি হয়। কিছু দোকানে সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ে। চাহিদার সুযোগ নিয়ে কোথাও কোথাও চশমার দাম বাড়িয়ে বিক্রির অভিযোগও উঠেছে।

স্পেনের বার্সেলোনাতেও একই চিত্র দেখা গেছে। শহরের হাতে গোনা কয়েকটি দোকানে তখনও গ্রহণের চশমা পাওয়া যাচ্ছিল। ফলে সেসব দোকানের সামনে দীর্ঘ অপেক্ষার সারি তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ সানগ্লাস পরে সরাসরি সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়। সূর্যগ্রহণ দেখার জন্য অবশ্যই মানসম্মত ও প্রত্যয়িত সোলার ভিউয়ার বা এক্লিপ্স চশমা ব্যবহার করতে হবে। নাসার তথ্য অনুযায়ী, এ ধরনের চশমা সাধারণ সানগ্লাসের তুলনায় হাজার গুণ বেশি আলো আটকায় এবং নিরাপদ পণ্যে ISO 12312-2 মান অনুসরণ করা উচিত।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষও সতর্ক করে জানিয়েছে, বাজারে পাওয়া সব গ্রহণের চশমা নিরাপদ নাও হতে পারে। তাই ব্যবহারের আগে পণ্যে ISO 12312-2:2015(E) নিরাপত্তা মানের উল্লেখ আছে কি না তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ জানিয়েছে, তাদের দোকান ও অনলাইন স্টোরে গ্রহণের চশমার মজুত শেষ হয়ে গেছে।

১২ আগস্টের সূর্যগ্রহণ ইউরোপের বিভিন্ন অংশ থেকে দেখা যাচ্ছে। স্পেনের কিছু এলাকায় পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্য দেখা গেছে, আর ইউরোপের আরও বিস্তৃত অঞ্চলে আংশিক গ্রহণ দৃশ্যমান হয়েছে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer