News Ticker
221.png

কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারী উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২৩:২১

শেয়ার

শেয়ার

কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারী উদ্ধার
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩৬ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন ৩২ বছর বয়সী এক নারী। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে কলম্বিয়ার পেরেইরা শহরে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার হওয়া নারীর নাম ড্যানিয়েলা লার্গো সানচেজ। তিনি রিসারালদা বিভাগের রিওসুসিও এলাকার বাসিন্দা। ১০ আগস্ট কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পেরেইরার একটি চারতলা ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজ হন তিনি।

ভূমিকম্পের পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হলে ড্যানিয়েলাকে ধ্বংসস্তূপের নিচে শনাক্ত করা হয়। তবে তাকে সঙ্গে সঙ্গে বের করা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা জানান, তিনি এমনভাবে আটকে ছিলেন যে দ্রুত ধ্বংসাবশেষ সরাতে গেলে ভবনের অবশিষ্ট অংশ ধসে পড়ার ঝুঁকি ছিল।

প্রায় ১০ ঘণ্টা ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে তার কাছে পৌঁছানোর পথ তৈরি করেন উদ্ধারকারীরা। একটি ধাতব দরজার কারণে তার হাত আটকে ছিল। প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক ও বিশেষায়িত উদ্ধারকর্মী তাকে উদ্ধারের কাজে অংশ নেন বলে রয়টার্স জানিয়েছে।

শেষ পর্যন্ত নীল চাদরে ঢেকে ড্যানিয়েলাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। তাকে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ ও উদ্ধারকর্মীরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ড্যানিয়েলার উদ্ধারের ঘটনাটি আরও আবেগঘন হয়ে উঠেছে তার পরিবারের জন্য। ভূমিকম্পের দিনই ছিল তার ১২ বছর বয়সী ছেলের জন্মদিন। সেদিন ড্যানিয়েলা নিখোঁজ হওয়ার পর তার পরিবার আশঙ্কা করেছিল, হয়তো আর তাকে জীবিত পাওয়া যাবে না। কিন্তু প্রায় ৩৮ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধারের খবর পরিবারে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনে।

তার বাবা হুলিও সিজার লার্গো মেয়ের বেঁচে ফেরাকে নতুন জীবনের মতো বলে বর্ণনা করেছেন। ছেলের জন্মদিনে মাকে ফিরে পাওয়ার ঘটনাটি পরিবারের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

১০ আগস্ট কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কালি, পেরেইরা, মানিজালেস ও কুইবদোসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং হাজারো মানুষ আহত বা নিখোঁজ হয়েছেন। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে।

ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকতে পারেন—এই আশায় উদ্ধারকারীরা দিন-রাত তল্লাশি চালাচ্ছেন। পেরেইরায় ড্যানিয়েলার উদ্ধারের সময় একই ভবনে আরও একজন আটকে থাকার খবর পাওয়া যায়।

ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও ড্যানিয়েলার জীবিত উদ্ধারের ঘটনা কলম্বিয়ায় আশার প্রতীক হয়ে উঠেছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে মানুষের উপস্থিতির সামান্যতম ইঙ্গিত পেলেও তারা অভিযান চালিয়ে যাবেন। ইতোমধ্যে আরও কয়েকজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে, যা নিখোঁজদের স্বজনদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সূত্র: এপি নিউজ

ChannelNRB Footer