প্রায় তিন দশক ধরে পলাতক থাকা বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ১৯৯৬ সালে ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে এক নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় ১৯৯৭ সালের জুলাইয়ে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এফবিআইয়ের বর্তমান ‘Most Wanted’ তালিকায় জাহিদুল ইসলামের নাম রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, তার জন্ম বাংলাদেশে এবং তিনি পেশায় একজন চিকিৎসক। বর্তমানে তার বয়স আনুমানিক ৭০ বছর।
এফবিআইয়ের অভিযোগ অনুযায়ী, ৩ অক্টোবর ১৯৯৬ ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন ছিলেন এক নারী রোগী। ওই সময় চিকিৎসক হিসেবে কর্মরত জাহিদুল ইসলাম তাকে এমন ওষুধ দিয়েছিলেন বলে কর্তৃপক্ষের অভিযোগ, যাতে তিনি ঝিমিয়ে পড়েন বা স্বাভাবিক অবস্থায় থাকতে না পারেন।
এরপর হাসপাতালের কক্ষে ওই রোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর জাহিদুলের বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে মামলা করা হয়। পরে তার বিরুদ্ধে unlawful flight to avoid prosecution এবং involuntary deviate sexual intercourse-সংক্রান্ত অভিযোগে ফেডারেল ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগের তদন্তের পর ১৯৯৭ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব পেনসিলভানিয়ার আদালত জাহিদুল ইসলামের বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু এরপর তিনি আর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েননি।
প্রায় ৩০ বছর ধরে তার অবস্থান অজানা। ২০২৬ সালেও এফবিআই তাকে খুঁজছে এবং জনসাধারণের কাছ থেকে তথ্য চেয়েছে।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলামের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মন্ট্রিয়লের সঙ্গে যোগাযোগ রয়েছে। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারেন বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা। তার স্ত্রীও একজন চিকিৎসক বলে এফবিআই জানিয়েছে।
তবে বর্তমানে তিনি ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি এফবিআই।
এফবিআইয়ের বর্ণনায় জাহিদুল
এফবিআইয়ের ওয়ান্টেড পোস্টার অনুযায়ী—
- নাম: জাহিদুল ইসলাম
- জন্মতারিখ হিসেবে ব্যবহৃত: ১ অক্টোবর ১৯৫৫
- জন্মস্থান: বাংলাদেশ
- জাতীয়তা: বাংলাদেশি
- পেশা: চিকিৎসক
- উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি
- ওজন: প্রায় ১৬০ পাউন্ড
- চুল: কালো
- চোখ: বাদামি
- পরিচিত যোগাযোগ: নিউইয়র্ক ও মন্ট্রিয়ল
- এফবিআইয়ের সতর্কতা: অস্ত্রধারী ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
মামলাটি পুরোনো হলেও জাহিদুল ইসলামের বিরুদ্ধে জারি হওয়া ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। এফবিআইয়ের ফিলাডেলফিয়া ফিল্ড অফিস এখনো তাকে গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দীর্ঘদিন পলাতক থাকা কোনো আসামির অবস্থান শনাক্ত করা কঠিন হলেও সময়ের সঙ্গে নতুন তথ্য, পুরোনো পরিচিতি ও সীমান্তবর্তী যোগাযোগের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া সম্ভব হয়।
এফবিআই জাহিদুল ইসলামকে “armed and dangerous” হিসেবে বিবেচনা করতে বলেছে। ফলে সাধারণ মানুষকে তার মুখোমুখি হয়ে নিজেরা গ্রেপ্তারের চেষ্টা না করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এফবিআই জানিয়েছে, তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে স্থানীয় এফবিআই অফিস অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস/কনস্যুলেটে যোগাযোগ করা যেতে পারে।
সূত্র: এফবিআই
আরও পড়ুন:







