যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একাধিক স্থানে ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর ব্যাপক অভিযান চালিয়ে সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে মিশিগানের মিসকিগান কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তিনজনকে মৃত অবস্থায় এবং আরও একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর তাকে ধরতে শুরু হয় বড় ধরনের অভিযান। অভিযানের একপর্যায়ে কাছের আরেকটি স্থানে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজনের গাড়ির অবস্থান শনাক্ত করে একটি জঙ্গলের এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে সন্দেহভাজন বন্দুকধারী এবং আরও একজনের মরদেহ পাওয়া যায়।
কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির পরিচয় ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান হিসেবে জানিয়েছে। পুলিশ বলছে, পুরো ঘটনার সঙ্গে একাধিক স্থান জড়িত এবং তদন্তকারীরা বিভিন্ন ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছেন। হামলার উদ্দেশ্য বা এর পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি। স্বজনদের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং তদন্ত চলাকালে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
আরও পড়ুন:







